
গত ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার চট্টগ্রামের, রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রানিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়ায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াল গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় অন্তত কয়েকটি পরিবারের বসতঘর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক নিমিষেই হারিয়ে ফেলে তাদের সহায়-সম্বল ও জীবনের নিরাপদ আশ্রয়।
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই স্থানটি গত ১৯ জানুয়ারী সোমবার, পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান। এ সময় তার সঙ্গে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার ভয়াবহতায় গভীর দুঃখ প্রকাশ করেন।
পরিদর্শনকালে এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধৈর্য, শক্তি ও দ্রুত পুনর্বাসনের জন্য বিশেষ প্রার্থনা করেন।
ইকবাল হাসান বক্তব্য রাখতে গিয়ে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। এই দুর্যোগের সময়ে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সকলকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। উত্তর রাঙ্গুনিয়ার মত একটি জনবহুল স্থানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন একটি জরুরি বিষয়। রাঙ্গুনিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে এদিকে উত্তর রাঙ্গুনিয়া রানীরহাটে অগ্নিকাণ্ডে সম্মুখীন হওয়া সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এবং এখানে এই পর্যন্ত ৫ - ৬টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঝুঁকি বেশি এবং নিকটবর্তী স্টেশনের দূরত্ব বেশি। এর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দ্রুত অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ১টি ফায়ার সার্ভিস স্থাপন করার দাবি জানান।